ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাবা ছেলেকে উপহার দিচ্ছেন সাড়ে ১৩ লাখ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ২৩:০৫:৩০
বাবা ছেলেকে উপহার দিচ্ছেন সাড়ে ১৩ লাখ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাম ওবায়দুল করিম তাঁর মালিকানাধীন বড় একটি শেয়ার অংশ ছেলেকে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। গত ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া এই ঘোষণা অনুযায়ী, তিনি তাঁর ছেলে মোঃ আতিউল করিম রাফিকে ১৩.৫০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন। বর্তমান বাজারমূল্যে এই শেয়ারগুলোর মোট মূল্য প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা।

মোঃ আতিউল করিম রাফি বর্তমানে কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার। এই হস্তান্তর প্রক্রিয়াটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শেয়ারবাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে অর্থাৎ অফ-মার্কেট ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসের তথ্য অনুযায়ী ওবায়দুল করিমের কাছে ৪৪.১৬ লক্ষ শেয়ার ছিল, যা কোম্পানির মোট শেয়ারের ৬.৭৯ শতাংশ। তবে গত তিন মাসে বাজার থেকে আরও ৪৫.৩৬ লক্ষ শেয়ার কেনার ঘোষণার পর তাঁর বর্তমান শেয়ারহোল্ডিং ১২ শতাংশ ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ, যা আগে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামে পরিচিত ছিল, মূলত খাদ্য, প্যাকেজিং ও টেক্সটাইল শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক উপাদান উৎপাদন করে। দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিটি এখন স্টার্চ, লিকুইড গ্লুকোজ, জার্ম এবং ফাইবারের মতো অর্গানিক পণ্য উৎপাদনে সফলভাবে ডাইভারসিফিকেশন সম্পন্ন করেছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটি ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রেখেছে। এই সময়ে তাদের মোট আয় বা রেভিনিউ দাঁড়িয়েছে ১৫৩ কোটি ২৯ লাখ টাকায়। সব খরচ বাদে এই ছয় মাসে কোম্পানিটি ১ কোটি ৬৪ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে