ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের চোখে তারেক রহমান

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১৯:২১:২০
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের চোখে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এবারের নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রাখেন।

‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান—লাইকলি বাংলাদেশ’স নেক্সট প্রাইম মিনিস্টার’ শীর্ষক প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত বিভিন্ন জনমত জরিপের তথ্য তুলে ধরা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে ভোটের আগে ব্লুমবার্গ, টাইম, দ্য ইকোনমিস্টসহ বৈশ্বিক সংবাদমাধ্যমগুলো তারেককে শীর্ষ প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল।

ডিসেম্বরে পরিচালিত জরিপ অনুযায়ী, বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০ শতাংশ, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯ শতাংশ। আরেকটি জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ ভোটার তারেককে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এবং ২২.৫ শতাংশ প্রার্থী হিসেবে ডা. শফিকুর রহমানকে প্রত্যাশা করছেন।

দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেন জেড, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারেক বলেন, “আমরা কর্মসংস্থান, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত ও শ্রমবাজারকে অগ্রাধিকার দিচ্ছি। এগুলো জেন জেডের সঙ্গে দৃঢ়ভাবে সঙ্গতিপূর্ণ।”

পররাষ্ট্রনীতি বিষয়ে তারেক রহমান বলেন, “আমাদের নীতি হবে বাংলাদেশ ফার্স্ট। আমরা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব, এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখব।”

অর্থনীতি ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “২০ কোটি মানুষের মধ্যে ৫ কোটির কর্মসংস্থান তৈরি করতে হবে। আইটি খাত, সেমিকন্ডাক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং, জুতা শিল্প ও ক্ষুদ্র-মধ্যম শিল্পে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া খাদ্য, মাছ ও সবজি রপ্তানি, সৃজনশীল অর্থনীতি ও আর্থিক শাসনবিধি শক্তিশালী করা হবে।”

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে তারেক বলেন, “আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাই, যেখানে মানুষ রাতে ভয় ছাড়া ঘরে ফিরতে পারবে এবং অর্থনীতির চাকা সচল থাকবে।”

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিনি বলেন, “আমরা দায়িত্বশীলভাবে সম্পদ ব্যবহার করব এবং গ্লোবাল ক্লাইমেট ফান্ড থেকে অর্থ সংগ্রহ করব। ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ লাগানো অগ্রাধিকার পাবে।”

নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমাদের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হবে। বিশেষভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও শিক্ষা অগ্রাধিকার পাবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনব।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে