ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের আগে বিস্ফোরক তথ্য, ভোটের সিল তৈরি

২০২৬ ফেব্রুয়ারি ০৪ ১৮:৫৯:০৫
নির্বাচনের আগে বিস্ফোরক তথ্য, ভোটের সিল তৈরি

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল প্রস্তুতের অভিযোগে এক ব্যবসায়ী ও এক জামায়াত নেতার নামে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ পলাতক রয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন।লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। অপর আসামি সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্ছানগর এলাকার মো. শাজাহানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোহেল রানার দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘরবিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। তার দেওয়া তথ্য এবং হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা কথোপকথন ও ভয়েস ম্যাসেজের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলার আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সৌরভ হোসেন শরীফ গত ৩০ জানুয়ারি সোহেল রানার কাছে পাঁচটি নির্বাচনী সিল তৈরির অর্ডার দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে জাল ভোট প্রদানের লক্ষ্যে এসব সিল অবৈধভাবে তৈরি করা হচ্ছিল।

এদিকে ঘটনার পর লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া জানান, অভিযুক্ত সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পৃথক সংবাদ সম্মেলন করে। বিএনপির পক্ষ থেকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী দাবি করেন। তবে পাল্টা সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, আটক সোহেল জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নন।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, মামলার তদন্ত চলছে। গ্রেপ্তার সোহেল রানার আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার প্রস্তুতি চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে