×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’

২০২৬ নভেম্বর ১৫ ১৫:৪০:৫৩
‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও কার্যকর আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। ব্যক্তিগত তথ্য ফাঁসের পাশাপাশি মানুষের ফোনালাপও প্রকাশ হয়ে যাচ্ছে, যা মানবাধিকারের লঙ্ঘন।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।

রিজভী বলেন, প্রযুক্তির দ্রুত উন্নতি হলেও দেশে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ও আইনি কাঠামো গড়ে ওঠেনি। এর ফলে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রসহ ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি শুধু ব্যক্তিগত গোপনীয়তার বিষয় নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার জন্যও বড় ধরনের হুমকি।

তিনি বলেন, উপযুক্ত সাইবার আইন এবং প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যাওয়ার সুযোগ তৈরি হতো না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন। পাশাপাশি বিদেশেও দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। রাষ্ট্রের দায়িত্ব এসব মেধাবী ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশের তথ্য অন্য কোনো দেশের হাতে চলে গেলে তারা নিজেদের স্বার্থ অনুযায়ী বিভিন্ন কৌশল ও নীতিমালা প্রয়োগের সুযোগ পেতে পারে। তাই জাতীয় নিরাপত্তা রক্ষায় তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে। এটি সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।

প্রযুক্তির উন্নতির সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি সাহিত্যিক মেরি শেলির বিখ্যাত উপন্যাস ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এর উদাহরণ তুলে ধরেন। রিজভীর মতে, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

এ কারণে সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কঠোর নিয়ন্ত্রণব্যবস্থা ও প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানান তিনি।সেমিনার শেষে আয়োজকদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সংক্ষিপ্ত আকারে তৈরি করে নীতিনির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া উচিত। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এসব সুপারিশের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। প্রবন্ধে তিনি বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া সাইবার হুমকি মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা, দক্ষ বিশেষজ্ঞ তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিভিন্ন পর্যায়ের প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে