×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা

২০২৬ নভেম্বর ১৫ ১২:৩১:১৭
রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাহফিলের প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। মাঠ, মাইক ও লোকজনসহ সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও মাহফিল শুরুর আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে তা আটকে যায় এবং শেষ পর্যন্ত রাজনৈতিক সমঝোতা ও কঠোর শর্তে অনুমতি মেলে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণ দেখিয়ে জেলা প্রশাসন প্রথমে মাহফিলটির অনুমতি দেয়নি। মূলত একই দিনে ও একই মাঠে বিএনপি ও জামায়াত—এই দুই রাজনৈতিক পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় এবং মাহফিলের আড়ালে শক্তি প্রদর্শনের আশঙ্কা থাকায় প্রশাসন শঙ্কিত ছিল। প্রশাসনের আশঙ্কা ছিল, একটি স্লোগান বা খোঁচা দেওয়া কোনো বক্তব্যেই পুরো কালীগঞ্জ অশান্ত হয়ে উঠতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত ১১টায় কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের নেতাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হলেও শর্ত জুড়ে দেওয়া হয় যে—মুফতি আমির হামজা মঞ্চে কোনো রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য দিতে পারবেন না; তিনি কেবল কোরআনের তাফসির করতে পারবেন।

বৈঠক শেষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব নিজেই সাংবাদিকদের জানান, কোরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য মুফতি আমির হামজাকে অনুরোধ করা হবে।

অনুমতি মিললেও কার্যত বক্তার মুখে লাগাম টেনে দেওয়া হয়েছে। একজন সংসদ সদস্য যখন ওয়াজের মঞ্চে ওঠেন, তখন তিনি আর শুধু ধর্মীয় বক্তা থাকেন না, বরং একজন রাজনৈতিক প্রতীকে পরিণত হন। তাঁর প্রতিটি কথার রাজনৈতিক অর্থ খোঁজা হয়—ভক্তরা তা প্রচার হিসেবে ব্যবহার করেন আর বিরোধীরা একে উসকানি হিসেবে দেখেন।

বাংলাদেশে ওয়াজ মাহফিল এখন আর কেবল ধর্মীয় বয়ানের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি জনসংযোগ, জনসমাবেশ ও শক্তি প্রদর্শনের মাধ্যমে পরিণত হয়েছে। যার ফলে ধর্মীয় অনুষ্ঠান সামলাতেও প্রশাসনকে এখন থানায় বসে রাজনৈতিক চুক্তি করতে হচ্ছে। কালীগঞ্জের এই ঘটনা প্রমাণ করে যে, কোরআনের মাহফিল করতেও এখন রাজনীতি না করার আগাম মুচলেকা দিতে হচ্ছে—ধর্মীয় মঞ্চকে রাজনীতির মঞ্চ বানানোর ফলেই শেষ পর্যন্ত শর্ত দিয়ে ধর্মকে বাঁচাতে হচ্ছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে