ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

 যে কারণে ফখরুল ভোটার হলেও ভোট দিতে পারছেন না অলি

২০২৬ আগস্ট ২০ ১১:০৪:১৫
 যে কারণে ফখরুল ভোটার হলেও ভোট দিতে পারছেন না অলি

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৩৪৯ জনের ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম থাকলেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ ভোটার নন।

মির্জা ফখরুল নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট নিজেই দিতে পারবেন। বিপরীতে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমেদ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি ভোট দিতে পারবেন। তবে অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোটার তালিকায় নেই এবং ভোট দেওয়ার সুযোগও নেই। তিনি সংসদ সদস্য হলে ভোট দিতে পারতেন।

নির্বাচন কমিশনার আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শপথ নিলেই মির্জা ফখরুলের সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যাবে। শপথ নেওয়ার পর তার সংসদ সদস্য পদ ও সংশ্লিষ্ট ভোটাধিকার আর থাকবে না।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং জাতীয় সংসদের সব সদস্য এই নির্বাচনের ভোটার।

সিইসি জানান, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনটি সুন্দর, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে কমিশন আশাবাদী।

নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে সিইসি বলেন, সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর চাইলে ভোট গণনার সময়ও সংসদ ভবনে উপস্থিত থাকতে পারবেন। ভোট দিয়ে তাদের চলে যাওয়া বাধ্যতামূলক নয়।

তার ভাষ্য অনুযায়ী, ভোটার সংসদ সদস্যদের উপস্থিতিতেই ভোট গণনা করা হবে, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ রাখবে।

সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। বর্তমানে জাতীয় সংসদে ৩৪৯ জন নির্বাচিত সংসদ সদস্য থাকায় তাদের নাম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালতের নির্দেশনায় একজন নির্বাচিত প্রার্থী অযোগ্য হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বর্তমানে কোনো ভোটার নেই।

সংসদে সাধারণ আসনে বিএনপির ২১১ জন, জামায়াতের ৬৮ জন, এনসিপির ৬ জন, অন্যান্য দলের ৭ জন এবং স্বতন্ত্র ৭ জন সংসদ সদস্য রয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপি ও সমমনা দলের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন এবং স্বতন্ত্র একজন সদস্য রয়েছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে