ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

আবাসন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের বৈঠক

২০২৬ জুলাই ২২ ২০:০৫:৫০
আবাসন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের আবাসন শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আবাসন শিল্পের বর্তমান অবস্থা, পরিকল্পিত নগরায়ণের বিভিন্ন চ্যালেঞ্জ, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ-ডিএপি) বাস্তবায়নের ফলে সৃষ্ট বাস্তব সমস্যাসহ এ খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের নানা দিক উঠে আসে।

রিহ্যাব প্রতিনিধিদল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানায়। পাশাপাশি আবাসন-সংশ্লিষ্ট সব ধরনের সরকারি সেবা সম্পূর্ণ ডিজিটাল করার প্রয়োজনীয়তার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

রাজধানীর সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে যৌক্তিকভাবে ফ্লোর এরিয়া রেশিও (FAR) বৃদ্ধি এবং উল্লম্ব (ভার্টিক্যাল) নগরায়ণের ওপর জোর দেন রিহ্যাব নেতারা।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবাসন শিল্প দেশের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এ লক্ষ্যেই সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে আবাসন শিল্প পরিকল্পিত, টেকসই এবং দুর্নীতিমুক্তভাবে এগিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, আবাসন খাতে যেন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ না থাকে, সে জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি আরও কার্যকর উদ্যোগ বাস্তবায়নের কাজও চলমান রয়েছে।

নগরায়ণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কেবল ঢাকা-কেন্দ্রিক হলে চলবে না। দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, সহ-সভাপতি-২ আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল করিম সিদ্দিকী, ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের ম্যানেজার মুশফিকুল আলম খন্দকার, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম, সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) নাসির মজুমদার, ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল ঘানি খান এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাইয়ুম।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে