ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

২০২৬ জুলাই ১৩ ১৭:৪৯:৪৬
ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

সাদিক কায়েম বলেন, এটি সংগঠনের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। তার ভাষ্য, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক পুনর্গঠন (সেটআপ) হয় এবং ২০২৬ সালের ষাণ্মাসিক পুনর্গঠনে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।

তবে তার এই বিদায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। কারণ, গত মে মাসে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে তার প্রার্থিতার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। সে সময় ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়া যায় না। সেই প্রেক্ষাপটে সাদিক কায়েমের বিদায়কে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তবে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কি না, সে বিষয়ে এখনো সাদিক কায়েম বা দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সমন্বয়কের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন সাদিক কায়েম। সে সময় তিনি ‘সালমান’ ছদ্মনামে কর্মসূচি সমন্বয়, সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমে তথ্য সরবরাহের কাজে যুক্ত ছিলেন।

পরে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর তিনি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন।খাগড়াছড়িতে শিক্ষাজীবন শুরু করা সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০২৫-২৬ সালে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে