ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

শ্রমিকদের রক্তে লেখা ইতিহাস, আজ সেই মে দিবস

২০২৬ মে ০১ ১১:৩৮:৫০
শ্রমিকদের রক্তে লেখা ইতিহাস, আজ সেই মে দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ মহান ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। এ উপলক্ষে দেশের ও বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম এবং তারাই উন্নয়নের মূল চালিকাশক্তি। শিল্প, কৃষি ও নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। মালিক-শ্রমিক সুসম্পর্ক ও শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশ একটি শ্রমিকবান্ধব ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে ন্যায্য মজুরি এবং নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করবে।

এদিকে, ঢাকায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঐতিহাসিকভাবে, ১৮৮৬ সালের এই দিনে শিকাগো-এর হে মার্কেটে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। সে সময় বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে বহু শ্রমিক প্রাণ হারান। তাদের আত্মত্যাগের মাধ্যমেই শ্রমিক অধিকার আন্দোলন বিশ্বব্যাপী শক্তিশালী হয়ে ওঠে এবং পরবর্তীতে মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে