ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সৌদি রোহিঙ্গা নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ এপ্রিল ২০ ১৭:০৪:০১
সৌদি রোহিঙ্গা নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার মধ্যে এ পর্যন্ত ২২ হাজার জনকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু, পর্যটন খাতে সহযোগিতা এবং জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধির বিষয়।

বৈঠক সূত্রে জানা যায়, সৌদি রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর বিষয়টি তুলে ধরেন এবং প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই-বাছাইয়ের ভিত্তিতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে একটি বিশেষ টিম কাজ করছে।

তিনি আরও বলেন, যাদের প্রয়োজনীয় নথিপত্র ও শর্ত পূরণ রয়েছে, তাদের ক্ষেত্রে পাসপোর্ট প্রদানের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যাচাই-বাছাই নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

এছাড়া মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে তা পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশনা দেন।সাক্ষাৎকালে নতুন দায়িত্ব গ্রহণ করায় সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের একটি ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি, অবকাঠামো ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। এসব খাতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে