ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংকটে পড়া ব্যাংকে এফডিআর: ঝুঁকিতে পদ্মা অয়েলের শতকোটি টাকা

২০২৬ এপ্রিল ২০ ১৪:৫৭:৫৯
সংকটে পড়া ব্যাংকে এফডিআর: ঝুঁকিতে পদ্মা অয়েলের শতকোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের ১৯৩ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্থিক সংকটে থাকা এবং উচ্চ খেলাপি ঋণে জর্জরিত পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকে রাখা এই অর্থ এখন ঝুঁকির মুখে বলে জানিয়েছে কোম্পানিটির নিরীক্ষক।

কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ায় এবং পরবর্তীতে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ায় এসব এফডিআর থেকে অর্থ আদায় করা কঠিন হয়ে উঠতে পারে।

তথ্য অনুযায়ী, এস আলমের প্রভাবাধীন হয়ে সংকটে পড়া পাঁচটি ব্যাংকে পদ্মা অয়েলের মোট ১৯৩ কোটি টাকা এফডিআর হিসেবে রাখা হয়েছিল। এর মধ্যে এক্সিম ব্যাংকে ৮১ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৭৯ কোটি ৫৩ লাখ টাকা, ইউনিয়ন ব্যাংকে ৫৫ কোটি ৮৬ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৩৫ কোটি ৫৮ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৬ কোটি ৩ লাখ টাকা জমা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এসব ব্যাংকের আর্থিক দুরবস্থা ও ঋণ খেলাপির কারণে একীভূত করার উদ্যোগ নিয়েছে। ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেওয়ায় এফডিআর ভাঙিয়ে অর্থ উত্তোলন সম্ভব হয়নি বলে জানা গেছে।

পদ্মা অয়েল কর্তৃপক্ষ এফডিআর ফেরত পেতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দিলেও নগদ অর্থের সংকটের কারণে কোনো সাড়া মেলেনি। এ পরিস্থিতিতে নিরীক্ষকরা মনে করছেন, এই অর্থ ফেরত পাওয়া নিয়ে উচ্চমাত্রার ঝুঁকি তৈরি হয়েছে।

এ কারণে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী কোম্পানিটির আর্থিক হিসাবে সম্ভাব্য লোকসান প্রতিফলিত করা উচিত বলেও মত দিয়েছেন নিরীক্ষকরা।

এ বিষয়ে পদ্মা অয়েলের কোম্পানি সচিব আলী আবসার বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলো একীভূত হয়ে নতুন কাঠামোয় পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে কোনো স্কিমের মাধ্যমে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নতুন সরকারও বিষয়টি দেখছে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া পদ্মা অয়েল লিমিটেডের পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৪৭ দশমিক ৫৯ শতাংশ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে