ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

যুদ্ধ প্রভাবেই ধীরগতি, তবে বড় পতনের শঙ্কা কম

২০২৬ এপ্রিল ২০ ১৪:৪১:০৮
যুদ্ধ প্রভাবেই ধীরগতি, তবে বড় পতনের শঙ্কা কম

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ এপ্রিল) শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি প্রধান সূচক কমলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই বাজারে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এ অবস্থাতেও বড় ধরনের ধসের আশঙ্কা নেই। তারা মনে করছেন, বাজারে স্বল্পমেয়াদি ওঠানামা থাকলেও কিছুদিনের সংশোধনের পর পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়, যা দীর্ঘমেয়াদে ইতিবাচক। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও এতে বাড়তে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি বিবেচনায় নিয়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ০৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৩২ দশমিক ৪৯ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া ডিএসইএস সূচক ২ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯ দশমিক ৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ দশমিক ০০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২০টির শেয়ারদর বেড়েছে, ২০৭টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকে ডিএসইতে মোট প্রায় ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের ৮১৯ কোটি ২০ লাখ টাকার তুলনায় প্রায় ৫ কোটি ৫৬ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৪১ কোটি ৭৯ লাখ টাকার তুলনায় কম।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসেও সূচকটি ২ দশমিক ৫৩ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে