ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

এনসিপি-জাগপাসহ যাদের মনোনয়ন দিচ্ছে জামায়াত

২০২৬ এপ্রিল ১৮ ১০:১৩:১৪
এনসিপি-জাগপাসহ যাদের মনোনয়ন দিচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, আগামী ২০ এপ্রিল এসব মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ১২টি আসনের মধ্যে ৯টিতে নিজ দলের নেত্রীদের মনোনয়ন দিচ্ছে জামায়াত। বাকি তিনটি আসনের মধ্যে একটি দেওয়া হচ্ছে জোটসঙ্গী জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র চেয়ারম্যান তাসমিয়া প্রধানকে।

আরেকটি আসনে মনোনয়ন দেওয়া হচ্ছে জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মাকে। এছাড়া একটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতুকে মনোনয়ন দেওয়া হচ্ছে, যদিও এটি এনসিপির নির্ধারিত কোটার বাইরে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, প্রার্থী বাছাইয়ে যোগ্যতা, দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সংসদীয় বিষয়ে পারদর্শিতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, সাবেক জনপ্রতিনিধি ও সামাজিকভাবে সক্রিয় নারীরা রয়েছেন। বিশেষভাবে গুরুত্ব পেয়েছেন ইসলামী ছাত্রী সংস্থার সাবেক নেত্রীরা।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি জেনারেল অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা বলেন, “যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হয়েছে। দলীয় নীতিমালার বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।”

দলীয় একটি সূত্র জানায়, ইতোমধ্যে কয়েকজনকে প্রাথমিকভাবে চূড়ান্ত (গ্রিন সিগন্যাল) দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দিকা, আইনজীবী সাবিকুন্নাহার মুন্নী, প্রভাষক মারদিয়া মমতাজ, অধ্যাপক মাহফুজা সিদ্দিকা, মেরিনা সুলতানা, সাজেদা সামাদ, মারজিয়া বেগম ও নাজমুন্নিছা নিলু।

এছাড়া আরও কয়েকজন নেত্রী আলোচনায় রয়েছেন, যাদের মধ্যে সাঈদা রুম্মান, জান্নাতুল কারীম, নাজমুন নাহার ও শামীমা বেগমের নাম শোনা যাচ্ছে।

নির্বাচন কমিশন আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি, স্বতন্ত্র একটি এবং বাকি ১৩টি আসন পাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর মধ্যে জামায়াত ১২টি এবং এনসিপি একটি আসন পাবে।

দলটির নেতারা বলছেন, সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে