ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

৩ দিন অকটেন ও ৩ দিন ডিজেল দেওয়ার সিদ্ধান্ত

২০২৬ মার্চ ৩০ ১৬:০৭:২৮
৩ দিন অকটেন ও ৩ দিন ডিজেল দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি-তে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে নতুন রুটিন পদ্ধতি চালু করেছে প্রশাসন। নিরাপত্তা জোরদার ও অবৈধ মজুদ ঠেকাতে সপ্তাহে তিন দিন অকটেন ও তিন দিন ডিজেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শহরের চারটি পাম্পের মধ্যে তিনটিতে অকটেন বিক্রি শুরু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জ্বালানি বিক্রি করা হচ্ছে। পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত পাম্প পরিদর্শন করেন এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

শহরের বিভিন্ন পাম্পে দেখা গেছে, গ্রাহকরা ভোর থেকেই ট্যাংক, গ্যালন ও বোতল নিয়ে লাইনে দাঁড়াচ্ছেন। নির্ধারিত সময় সকাল ৯টায় বিক্রি শুরু হলেও অনেকেই আগে থেকেই সিরিয়াল নিতে উপস্থিত হচ্ছেন। তবে কিছু গ্রাহক সকাল ৮টা থেকে বিক্রি শুরু করার দাবি জানিয়েছেন, যাতে অফিসগামী মানুষ সুবিধা পান।

এদিকে, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকে তেল না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। এক মোটরসাইকেল চালক জানান, নির্ধারিত দিনে তেল না পেলে পরবর্তী নির্ধারিত দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, যা দৈনন্দিন চলাচলে সমস্যা তৈরি করছে।

জেলা প্রশাসন জানায়, ১০টি উপজেলায় চাহিদার তুলনায় প্রায় অর্ধেক জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে নৌ চলাচল, কৃষিকাজ ও পর্যটন মৌসুমে চাহিদা আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে এবং পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, পরীক্ষামূলকভাবে এই রুটিন পদ্ধতি চালু করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে