ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

আহত ৩ ছেলে, খবর শুনেই প্রাণ গেল বাবার

২০২৬ মার্চ ৩০ ০৯:৩৭:৪৪
আহত ৩ ছেলে, খবর শুনেই প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদক : আড়াইহাজার-এ পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের তিন ভাই আহত হয়েছেন। তাদের আহত হওয়ার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে দুপুর দেড়টার দিকে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আছমত আলীর তিন ছেলে—খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬)—আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

সন্ধ্যা সাতটার দিকে তিন ছেলে আহত হওয়ার খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ৮০ বছর বয়সী আছমত আলী। পরে নিজ বাড়িতে তিনি মারা যান।

আড়াইহাজার থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানের আহত হওয়ার খবরের ধাক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে