ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর

২০২৬ মার্চ ১০ ১৫:৪৩:৪৫
তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড তাদের বিনিয়োগকারীদের জন্য সুখবর দিতে যাচ্ছে। এ লক্ষ্যে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। আগামী সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করতে পারে। সর্বশেষ প্রান্তিকের আর্থিক অবস্থা ইতিবাচক হওয়ায় আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৬ মার্চ ২০২৬ দুপুর ২টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, আগের অর্থবছরে (৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত) কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

এদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় ও মুনাফা উভয়ই আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে চলতি অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড বৃদ্ধির সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে

কোম্পানির সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৫ পয়সা।

৯ মাসের ইপিএস ৪ টাকা ৪ পয়সা

২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৭ পয়সা।

বর্ধিত নগদ প্রবাহ ও সম্পদ মূল্য

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ৩১ টাকা ৫৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৭ পয়সা। কোম্পানির সমন্বিত নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) বা শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫৭ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ৪৫ টাকা ৯৬ পয়সা।

মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখ্যা

কোম্পানির দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনে ইপিএস বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে বিনিয়োগ আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া, যা প্রায় ১,৮২০ মিলিয়ন টাকা বেড়েছে।

তবে একই সময়ে কোম্পানির নেট ইন্টারেস্ট আয় ৮৬৫ মিলিয়ন টাকা কমেছে। পাশাপাশি কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ আয় ৮ মিলিয়ন টাকা, অন্যান্য পরিচালন আয় ৬ মিলিয়ন টাকা কমেছে। এছাড়া পরিচালন ব্যয় ২০৯ মিলিয়ন টাকা, ঋণ ও বিনিয়োগের বিপরীতে প্রভিশন ১০৪ মিলিয়ন টাকা এবং কর বাবদ প্রভিশন ১১৯ মিলিয়ন টাকা বেড়েছে।

এসব পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৬৩ মিলিয়ন টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫০৯ মিলিয়ন টাকা বেশি।

নগদ প্রবাহ বৃদ্ধির কারণ

সমন্বিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানির এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৩১.৫৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮.০৭ টাকা।

কোম্পানি জানিয়েছে, এই পরিবর্তনের পেছনে প্রধান কারণ হলো টার্ম ডিপোজিট ও অন্যান্য আমানত থেকে নগদ প্রবাহ ১৮,২৬৭ মিলিয়ন টাকা বৃদ্ধি, টার্ম লোন ও ব্যাংক ঋণ ২,৬৭৬ মিলিয়ন টাকা বৃদ্ধি, এবং পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ৬৬২ মিলিয়ন টাকা বৃদ্ধি। পাশাপাশি ইন্টারেস্ট সাসপেন্স ও অন্যান্য সম্পদ হিসাবে ১,৫২৮ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়েছে।

তবে একই সময়ে ঋণ ও অগ্রিম ১২,৫৯৩ মিলিয়ন টাকা কমেছে এবং অ্যাক্রুড ব্যয় বাবদ দায় ৫৩৯ মিলিয়ন টাকা কমেছে। এসব কারণে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পরিচালন কার্যক্রমে মোট নগদ বহিঃপ্রবাহ ১০,২৬৮ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে