ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Sharenews24

ভাইরাল বক্তব্য নিয়ে মুখ খুললেন রিজওয়ানা হাসান

২০২৬ মার্চ ০৬ ১১:২২:১২
ভাইরাল বক্তব্য নিয়ে মুখ খুললেন রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক : নারীর প্রতি উগ্রবাদ নিয়ে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তার বক্তব্যের সঙ্গে নির্বাচন ও বিরোধী দলকে জড়িয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

রিজওয়ানা হাসান জানান, একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছিল। সেখানে নারীর প্রতি উগ্রবাদ, মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তির মতো সাম্প্রতিক ঘটনাগুলোর প্রসঙ্গ ওঠে। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা নারীদের নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে নারী সমাজ প্রতিবাদ জানিয়েছে, আইনি নোটিশ দিয়েছে এবং সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে।

তিনি বলেন, তার বক্তব্যের মূল কথা ছিল—এই ধরনের উগ্রবাদী শক্তিকে যেন মূলধারায় জায়গা করে নিতে না দেওয়া হয় এবং এ বিষয়ে নারী সমাজকে সচেতনভাবে কাজ করতে হবে।

বক্তব্যের ব্যাখ্যায় তিনি আরও বলেন, আলোচনার এক পর্যায়ে উপস্থাপক নির্বাচনের প্রসঙ্গ তুললেও তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। তার বক্তব্য ছিল কেবল উগ্রবাদী শক্তিকে ঘিরে, কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয়।

রিজওয়ানা হাসান বলেন, “আমি কোনো দলকে মূলধারায় আসতে দিইনি—এমন ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর।”

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমান–এর বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছে। দলটি তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ ও বিচারের দাবি জানিয়েছে।

দলের এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রিজওয়ানা হাসানের বক্তব্য থেকেই নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর ইঙ্গিত পাওয়া যায়।

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান–এর বিশেষ অনুষ্ঠান ‘মুখোমুখি’-তে দেওয়া এক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, সমাজে এমন একটি শক্তি রয়েছে যারা নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরোধিতা করে এবং সেই শক্তির একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে