ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

জালিয়াতির দায়ে ফেঁসে যাচ্ছেগোল্ডেন হারভেস্ট ও অডিট ফার্ম

২০২৬ মার্চ ০৫ ২০:৫৫:২৯
জালিয়াতির দায়ে ফেঁসে যাচ্ছেগোল্ডেন হারভেস্ট ও অডিট ফার্ম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক প্রতিবেদনে গুরুতর অনিয়ম ও সম্ভাব্য আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে কোম্পানির প্রকাশিত হিসাবের সঙ্গে বাস্তব পরিস্থিতির বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কোম্পানিটির নিরীক্ষা কার্যক্রম পরিচালনাকারী ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এমন অবস্থায় আর্থিক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগে সংশ্লিষ্ট অডিট ফার্ম ও তাদের অংশীদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে (এফআরসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বিএসইসি। সম্প্রতি কমিশনের চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশন থেকে এফআরসির চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কমিশনের অনুসন্ধান অনুযায়ী, ২০২০ থেকে ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারখানা ও অফিসের নথিপত্র পরিদর্শনের সময় কমিশনের তদন্ত দল এসব অসঙ্গতির প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। তদন্তে উঠে এসেছে, ভুয়া ও বানোয়াট লেনদেনের মাধ্যমে কোম্পানির আর্থিক অবস্থাকে প্রকৃত অবস্থার তুলনায় অনেক বেশি শক্তিশালী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের কাছে কোম্পানির আর্থিক চিত্র ইতিবাচক ও আকর্ষণীয় হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবে তার বড় অংশই বিভ্রান্তিকর ছিল।

অনুসন্ধানে আরও দেখা গেছে, কোম্পানির সম্পদ সংক্রান্ত তথ্যেও উল্লেখযোগ্য অমিল রয়েছে। কিছু ক্ষেত্রে সম্পদের মূল্য প্রকৃত অবস্থার তুলনায় বাড়িয়ে দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। আবার কোথাও অস্তিত্বহীন সম্পদকেও কাগজে-কলমে কার্যকর সম্পদ হিসেবে দেখানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

এদিকে, এসব অনিয়মের প্রেক্ষাপটে নিরীক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট অডিট ফার্ম নিরীক্ষা কার্যক্রমে যথাযথ সতর্কতা অবলম্বন করেনি বলে অভিযোগ রয়েছে। ফলে কোম্পানির আর্থিক বিবরণীতে থাকা গুরুত্বপূর্ণ অসঙ্গতিগুলো নিরীক্ষা প্রতিবেদনে প্রতিফলিত হয়নি বা যথাসময়ে চিহ্নিত করা যায়নি। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থার বিষয়ে বিভ্রান্ত হয়েছেন এবং অনেকেই অজান্তেই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মুখে পড়েছেন।

বিএসইসির মতে, এ ধরনের ঘটনা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এবং শেয়ারবাজারে বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বিএসইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিশন তার নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা ও দপ্তর প্রাঙ্গণ, হিসাবপত্র এবং সংশ্লিষ্ট নথিপত্র পরিদর্শন করেছে। এ পরিদর্শনের সময় তদন্ত দল গুরুতর অনিয়ম এবং সম্ভাব্য আর্থিক বিকৃতির প্রমাণ পেয়েছে, যা কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ও অ-সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মনগড়া ও মিথ্যা লেনদেন, বিভ্রান্তিকর সম্পদ অবস্থান উপস্থাপন এবং স্বাধীন নিরীক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও আইনগত নিরীক্ষক এসব বিকৃতি শনাক্ত ও প্রতিবেদনে উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন। ফলে নিরীক্ষিত আর্থিক বিবরণীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং এতে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর বিধি ১৪(৫) অনুযায়ী গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংক্রান্ত পরিদর্শন প্রতিবেদন সংযুক্ত করে এফআরসির কাছে পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে উক্ত তারিখ থেকে ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম এবং তাদের অংশীদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে