ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

যেভাবে টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

২০২৬ মার্চ ০৫ ১১:৩৬:৪৭
যেভাবে টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের দীর্ঘ ছুটির সুযোগ পেতে পারেন। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার একদিন অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা করছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার প্রস্তাব দেওয়া হতে পারে। বিষয়টি বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটি রয়েছে। এর আগের দিন ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি।

যদি ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়, তাহলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি মিলবে।

এরপর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।

এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি মাঝখানের দুই দিন (২৪ ও ২৫ মার্চ) ব্যক্তিগত ছুটি নেন, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ঈদের সময় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মন্ত্রিসভার অনুমোদনের ওপর।

উল্লেখ্য, চলতি বছর ১৯ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হয়েছে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে