ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সূচক ও লেনদেনের জোয়ারে সপ্তাহ শেষ, ঈদের আগেই রেকর্ডের আশা

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৩:৫৯:০৩
সূচক ও লেনদেনের জোয়ারে সপ্তাহ শেষ, ঈদের আগেই রেকর্ডের আশা

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা বজায় ছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে সূচক বৃদ্ধির পাশাপাশি টাকার অংকে লেনদেনেও বড় উত্থান হয়েছে। একই সময়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে ঈদের আগেই সূচক ও লেনদেন নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। তাদের মতে, টানা দুই কার্যদিবসের ইতিবাচক বাজারচিত্র বিনিয়োগকারীদের আস্থাকে আরও জোরদার করেছে। আগামী সপ্তাহেও এ প্রবণতা ধরে রাখা সম্ভব হলে বাজার রেকর্ড উচ্চতায় অবস্থান করতে পারে। মাঝে মধ্যে সূচকে সাময়িক সংশোধন দেখা গেলেও বড় ধরনের ধসের আশঙ্কা নেই বলেও মনে করছেন তারা। সাম্প্রতিক পতনগুলোও আগের দিনের উত্থানকে ছাড়িয়ে যায়নি। ফলে বর্তমান বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভালো মৌলভিত্তির শেয়ারে সতর্কতার সঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগে ঝুঁকি তুলনামূলক কম বলে মত তাদের।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৪৪ পয়েন্ট বেড়ে ৫,৬০০.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১০.২৫ পয়েন্ট বেড়ে ১,১১৬.১৯ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১৭.৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২,১৬৯.৪৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৯টির শেয়ারদর বেড়েছে, ৯৩টির কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের দিক থেকেও বড় অগ্রগতি দেখা গেছে। বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৯৩৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন ছিল প্রায় ৫৫০ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩৭১ কোটি ৭ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সেখানে ১৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন ছিল ১৩ কোটি ৭৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির দর বেড়েছে, ৫০টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭.৫৪ পয়েন্ট বেড়ে ১৫,৪৮২.৮৩ পয়েন্টে পৌঁছেছে। আগের দিন এ সূচক ২৬.৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

সার্বিকভাবে সপ্তাহের শেষ দিনে উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে। বাজার বিশ্লেষকদের মতে, ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে পুঁজিবাজার আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে