ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১২:৪৭:২৬
এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের পরিবর্তে সরাসরি এনআইডি উইং-এর মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি হয়েছে। গত বছরের ২৪ ডিসেম্বর নতুন এসওপি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, জন্ম তারিখ বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। এর আগে মাঠ পর্যায়ের আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন ক্যাটাগরিতে (ক, খ, গ) এসব আবেদন নিষ্পত্তি করতেন।

প্রজ্ঞাপন জারির আগে জমা হওয়া আবেদনের ক্যাটাগরি পুনঃনির্ধারণ করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করতে হবে। এনআইডি উইং-এর অঞ্চলভিত্তিক কর্মকর্তারা নথি উপস্থাপন করে ডিজি পর্যায়ে চূড়ান্ত নিষ্পত্তি নিশ্চিত করবেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্দেশনা:

১. জন্ম তারিখ সংক্রান্ত আগে ‘ক-১’ বা ‘গ’ ক্যাটাগরির আবেদনের তালিকা তৈরি করে ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।

২. অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।

৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় জমে থাকা অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয়ভাবে আবেদনগুলোর ক্যাটাগরি নির্ধারণ এবং ডিজি পর্যায়ে চূড়ান্ত নিষ্পত্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি করবে। তবে মাঠ পর্যায় থেকে সব ফাইল প্রধান কার্যালয়ে পাঠানো হলে কাজের চাপ বাড়তে পারে—এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে কিছুটা উদ্বেগ রয়েছে। আঞ্চলিক, জেলা ও উপজেলা কর্মকর্তাদের নতুন নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে