ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ইতিহাস বদলে দিল জামায়াত; মিরপুরে বিএনপির পতনের নেপথ্যে

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৫:২৭:৩৬
ইতিহাস বদলে দিল জামায়াত; মিরপুরে বিএনপির পতনের নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর মিরপুরকেন্দ্রিক তিনটি আসন—ঢাকা-১৪, ঢাকা-১৫ ও ঢাকা-১৬—এ বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনটি আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম মিরপুরের এই তিন আসনে বিজয় এসেছে, যা স্থানীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ঢাকা-১৪ আসনে জামায়াত প্রার্থী মীর আহমাদ বিন কাসেম ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির সানজিদা ইসলাম তুলি পান ৮৩ হাজার ৩২৩ ভোট। তবে এ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এসএ সিদ্দিক সাজু ১৬ হাজার ৩২৮ ভোট পাওয়ায় ভোট বিভাজন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। স্থানীয় নেতাকর্মীদের মতে, এই ভোটগুলো একীভূত হলে ফল ভিন্ন হতে পারত। তুলি ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছেন।

ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। স্থানীয় বিশ্লেষকদের মতে, এ আসনে নারী ভোটারদের বড় একটি অংশ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন। ঘরে ঘরে প্রচারণা, সংগঠিত নারী কর্মীদের সক্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শক্ত উপস্থিতি জামায়াতকে বাড়তি সুবিধা দিয়েছে। এখানেও বিএনপি অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে।

ঢাকা-১৬ আসনে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। জামায়াতের আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির আমিনুল হক পান ৮৫ হাজার ৪৬৭ ভোট—ব্যবধান মাত্র ৩ হাজার ৩৬১। তবে এই আসনে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রায় চার লাখ ভোটারের মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রে যাননি। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি, কিশোর গ্যাং ইস্যু, দলীয় কোন্দল ও সাংগঠনিক দুর্বলতা বিএনপির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে। আমিনুল হকও ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।

মিরপুরের তিন আসনের ফলাফল বিশ্লেষণে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিদ্রোহী প্রার্থী, ভোট বিভাজন, তৃণমূল অসন্তোষ, সাংগঠনিক দুর্বলতা এবং প্রতিপক্ষের কৌশলী প্রচারণা—সব মিলিয়েই বিএনপির পরাজয় নিশ্চিত হয়েছে। যদিও দলটির প্রার্থীরা নির্বাচনী অনিয়মের অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে যাচ্ছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে