ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১১:৪৩:২৮
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফেসবুকে প্রকাশিত এক পোস্টে প্রফেসর ইউনূস বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বিএনপি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে মাইলফলক হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী চেতনা দেশের জন্য স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী নেতৃত্ব নিশ্চিত করবে। তিনি স্মরণ করেন তারেক রহমানের পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র আদর্শ ও নেতৃত্ব।

প্রধান উপদেষ্টা যোগ করেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে প্রজ্ঞা, মননশীলতা ও সুসমন্বিত নীতি প্রয়োগ অপরিহার্য। আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবর্তনের সংবেদনশীল সময়ে তারেক রহমানের ইতিবাচক ভূমিকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ।

শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য তারেক রহমানের সকল উদ্যোগের সফলতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা প্রদানের জন্য।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে