ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ব্যালট বক্সে হান্নান মাসউদের উদ্দেশ্যে চিঠি

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০১:২৯:০৯
ব্যালট বক্সে হান্নান মাসউদের উদ্দেশ্যে চিঠি

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার সময় ব্যতিক্রমী এক ঘটনার জন্ম হয়েছে। একটি ভোটকেন্দ্রের ব্যালট বাক্সে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের উদ্দেশ্যে লেখা এক ভোটারের হাতে লেখা চিঠি পাওয়া গেছে।

চিঠিতে প্রার্থীকে উদ্দেশ্য করে এলাকার উন্নয়ন, মানুষের কষ্ট, নিরাপত্তা, দুর্নীতি ও স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে নির্বাচিত হলে জনগণের পাশে থাকার আহ্বান জানান ওই ভোটার।

চিঠিতে নিজেকে একজন গার্মেন্টসকর্মী পরিচয় দিয়ে তিনি লেখেন, “আমি কোনো দল বা সংগঠনের সঙ্গে জড়িত নই। গত ৩০ বছরে হাতিয়ায় অনেক নেতা দেখেছি, যাদের উন্নয়ন ছিল কাগজে-কলমে।”

এছাড়া নদীভাঙন রোধ, ভূমিহীনদের জমি হস্তান্তর, সিট্রাক ও ট্রলার ভাড়া কমানোসহ বিভিন্ন বিষয়ে হান্নান মাসউদের ভূমিকার কথাও উল্লেখ করা হয়। চিঠিতে দাবি করা হয়েছে, তিনি নিজের পরিবার ও আত্মীয়-স্বজন মিলিয়ে ২৩টি ভোট দিয়েছেন।

চিঠির শেষে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে অনুরোধ জানানো হয়, এটি যেন প্রার্থী হান্নান মাসউদের কাছে পৌঁছে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, চিঠিটি ব্যালট পেপারের সঙ্গে অথবা সরাসরি ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয় এবং দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।

অনেকে বলছেন, ভোটারদের মধ্যে প্রার্থীর প্রতি প্রত্যাশা ও হতাশা—দুইয়েরই বহিঃপ্রকাশ হতে পারে এ ঘটনা। আবার কেউ কেউ একে রাজনৈতিক আবেগ প্রকাশের ব্যতিক্রমী ধরন হিসেবে দেখছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ব্যালট বাক্সে এ ধরনের চিঠি বা কাগজ ঢোকানো নির্বাচন বিধিমালার দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত। তবে ঘটনাটি কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার সৃষ্টি করেনি।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, “ব্যালট বক্সে ভোটের পাশাপাশি মানুষ তাদের অনুভূতিও জানিয়ে গেছে। এটি জনগণের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন।” তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আব্দুল হান্নান মাসউদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে