ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের আগে শেয়ারবাজারে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৪:৫৮:২০
নির্বাচনের আগে শেয়ারবাজারে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ কার্যদিবস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল, যা দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, নির্বাচনের পর বাজার আরও স্বাভাবিক ও টেকসই স্থিতিশীলতায় ফিরবে—এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীরা আগের তুলনায় বেশি আগ্রহ নিয়ে লেনদেনে অংশ নিচ্ছেন। এর ফলেই শেয়ারবাজারে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৯ দশমিক ৯৩ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৪২৩ দশমিক ৬৪ পয়েন্ট।

এদিন ডিএসইর অন্যান্য সূচকের মধ্যেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ দশমিক ৯৭ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮ দশমিক ৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮৮টির শেয়ারদর বেড়েছে, ৬৭টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। এদিন ডিএসইতে প্রায় ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৪৯ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪৬ কোটি ১৭ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৪৪ কোটি টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি ৮৫ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ২৪টির দর কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৪ দশমিক ৪৩ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ১০৯ দশমিক ৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে