ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে সিইসিকে স্মারকলিপি

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ২০:২৫:৫৭
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে সিইসিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: নারীর প্রতি বৈষম্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি তুলেছেন দেশের শীর্ষস্থানীয় নারী অধিকারকর্মীরা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এক বিক্ষোভ র‍্যালি শেষে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। পরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশে অংশ নেয় গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, নারীপক্ষ এবং গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনসহ প্রায় ১০টি সংগঠন। স্মারকলিপিতে অভিযোগ করা হয় যে, শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছেন। আন্দোলনকারীদের মতে, এই ধরনের বক্তব্য কেবল নারীদের ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং জাতীয় অর্থনীতিতে শ্রমজীবী নারীদের বিশাল অবদানকে সরাসরি অস্বীকার করার শামিল।

পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে ওই অ্যাকাউন্টটি 'হ্যাক' হওয়ার দাবি করা হলেও তাকে স্রেফ অজুহাত হিসেবে দেখছেন অধিকারকর্মীরা। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে হ্যাকিংয়ের সপক্ষে কোনো স্বচ্ছ তদন্ত বা দালিলিক প্রমাণ এখন পর্যন্ত জনসমক্ষে আনা হয়নি। এমনকি বঙ্গভবনের এক কর্মীকে এই ঘটনায় গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়, যা হ্যাকিংয়ের দাবিকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করেছে।

নারী অধিকারকর্মীরা সমাবেশে স্পষ্ট করেন যে, এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য সংবিধানপ্রদত্ত নারীর সমঅধিকার ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। তারা মনে করেন, শীর্ষস্থানীয় একজন নেতার এমন দায়িত্বজ্ঞানহীন কথা নারীর প্রতি ঘৃণা ও বৈষম্যের সংস্কৃতিকে উসকে দিচ্ছে এবং নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদাকে ঝুঁকির মুখে ফেলছে। স্মারকলিপিতে অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের জোর দাবি জানানো হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে