ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনে বিএনপি-জামায়াতের শক্তি ও দুর্বলতা

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ২২:১০:৩৫
নির্বাচনে বিএনপি-জামায়াতের শক্তি ও দুর্বলতা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় একসময়ে অনিবার্য মনে করা হলেও সময় গড়ানোর সাথে সাথে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর সাথে বিএনপির বাড়তে থাকা দূরত্ব ও প্রতিদ্বন্দ্বিতা দলটিকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে চলা বাকযুদ্ধ এবং উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিই এখন নির্বাচনের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় মাঠে দলটির কোনো অস্তিত্ব নেই। এই শূন্যতাকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে, যেখানে জামায়াতে ইসলামী ১১টি দল নিয়ে একটি শক্তিশালী নির্বাচনী ঐক্য গঠন করেছে। এই জোটে যেমন ধর্মীয় ভাবধারার দলগুলো রয়েছে, তেমনি জুলাই বিপ্লবের তরুণদের সংগঠন 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি) অন্তর্ভুক্ত হওয়ায় ভোটের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। একসময়ের ঘনিষ্ঠ সহযোগীরাই এখন ক্ষমতার মসনদে যাওয়ার লড়াইয়ে বিএনপির প্রধান প্রতিপক্ষ।

নির্বাচনী প্রচারণায় বিএনপি বেশ কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটের মোকাবিলা করছে। দলের বড় একটি দুশ্চিন্তার কারণ হলো ৭৯টি আসনে থাকা বিদ্রোহী প্রার্থীরা, যাদের বহিষ্কার করেও দমানো যাচ্ছে না। এছাড়া গত ১৮ মাসে সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও দখলের অভিযোগ বিএনপির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। যদিও তারেক রহমান দেশে ফিরে হাল ধরেছেন এবং শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন, তবুও স্থানীয় পর্যায়ের বিশৃঙ্খলা ও নেতৃত্বের দুর্বলতা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েই গেছে।

প্রচারণামূলক লড়াইয়েও বিএনপিকে বেশ বেগ পেতে হচ্ছে। চার কোটির বেশি তরুণ ভোটারকে আকৃষ্ট করার ক্ষেত্রে বিএনপির গতানুগতিক পদ্ধতির চেয়ে জামায়াতের সামাজিক যোগাযোগমাধ্যমের সুসংগঠিত প্রচারণা অনেক বেশি কার্যকর বলে প্রতীয়মান হচ্ছে। এছাড়া নারীদের মধ্যে 'তালিম'-এর আদলে জামায়াতের দীর্ঘমেয়াদী কাজ এবং প্রচারণায় ধর্মের ব্যবহারের ফলে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিএনপি কিছুটা পিছিয়ে আছে। এমনকি প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের প্রশ্নে দলটির অস্পষ্ট অবস্থান নিয়ে প্রতিপক্ষরা সরব রয়েছে।

অন্যদিকে, জামায়াতের জন্যও পথটি মসৃণ নয়। দলটির সুসংগঠিত কাঠামো থাকলেও সারা দেশে বিএনপির মতো স্বতঃস্ফূর্ত জনসমর্থনের ঘাটতি রয়েছে। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দলের বিতর্কিত ভূমিকা এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের অস্পষ্ট দৃষ্টিভঙ্গি বড় একটি জনগোষ্ঠীর মধ্যে এখনো নেতিবাচক ধারণা তৈরি করে রেখেছে। এছাড়া রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার অভাব এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা নিয়েও ভোটারদের মনে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মতো দেশগুলো নিয়মিতভাবে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। সীমান্তে উত্তেজনা এবং অভিন্ন নদীর পানির হিস্যার মতো অমীমাংসিত ইস্যুগুলো এবার নির্বাচনি প্রচারণার হাতিয়ারে পরিণত হয়েছে। রাজনৈতিক এই অস্থিরতা ও মেরুকরণের মধ্যে ভোটাররা শেষ পর্যন্ত কার ওপর আস্থা রাখেন, সেটিই এখন দেখার বিষয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে