ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শিক্ষার্থী–অভিভাবকদের জন্য বড় খবর: বদলে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৬:০৬:১৭
শিক্ষার্থী–অভিভাবকদের জন্য বড় খবর: বদলে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক শিক্ষায় মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশোধিত মূল্যায়ন নির্দেশিকা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৬ জানুয়ারি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে যেসব বিষয়ে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা—উভয়ের মাধ্যমে পাঠদান করা হয়, সেসব বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন ৫০ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষা ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে যেসব বিষয়ে শুধু শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান হয়, সেসব বিষয়ে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন থাকবে এবং কোনো পরীক্ষা নেওয়া হবে না।

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রেও মূল্যায়ন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। এ স্তরে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার মাধ্যমে পরিচালিত বিষয়গুলোতে ধারাবাহিক মূল্যায়ন ৩০ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর যেসব বিষয়ে কেবল শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান করা হয়, সেসব বিষয়ে ১০০ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন কার্যকর থাকবে।

সভা সূত্রে জানা গেছে, নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ উদ্যোগে প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। কোনো বিদ্যালয়ের পক্ষে এককভাবে প্রশ্নপত্র প্রণয়ন সম্ভব না হলে পার্শ্ববর্তী একাধিক বিদ্যালয় যৌথভাবে প্রশ্নপত্র প্রণয়ন করতে পারবে। এছাড়া প্রতি প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নে পাঠ্যপুস্তকের অনুশীলনী থেকে অন্তত ৩০ শতাংশ প্রশ্ন অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, তিন বছর পর আবার প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা পদ্ধতি ফিরছে। জাতীয় শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতি পরিমার্জনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পর ২০২৩ সাল থেকে এ দুই শ্রেণিতে কোনো সামষ্টিক পরীক্ষা ছিল না; শিক্ষার্থীদের শুধু ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করা হতো।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) শিক্ষাক্রম উন্নয়ন ও মূল্যায়ন শাখার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ মো. সাফায়েত আলম জানান, এনসিসিসির সভায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিটিবির শিক্ষক প্রশিক্ষণ ও অ্যাসেসমেন্ট শাখার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ মাফরুহা নাজনীন বলেন, নতুন এই মূল্যায়ন পদ্ধতি চলতি বছর থেকেই কার্যকর হবে। সভার কার্যবিবরণী হাতে পাওয়ার পর প্রয়োজনীয় নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে।

তবে তিনি জানান, প্রাক-প্রাথমিক স্তরের মূল্যায়ন পদ্ধতিতে কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই এ স্তরে কোনো আনুষ্ঠানিক মূল্যায়ন কার্যক্রম থাকবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে