×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি

২০২৬ নভেম্বর ১৫ ১৪:৫৬:১১
শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক দরপতনের ধাক্কা সামলে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহ থেকেই বাজারে দরপতনের তীব্রতা আগের তুলনায় অনেকটা কমেছে। তবে সামনের দিনগুলোতে বাজার কোন দিকে যাবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এ কারণে বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে লেনদেনে অংশ নিচ্ছেন। বারবার লোকসানের মুখে পড়তে না চাওয়ায় অনেকেই নতুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছেন। এর মধ্যেই আজ সূচক ও টাকার অঙ্কে লেনদেন বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, একসময় স্থিতিশীল অবস্থানে থাকা শেয়ারবাজার দীর্ঘ সময়ের ধারাবাহিক দরপতনে তলানিতে নেমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট ও আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় প্রয়োজন। তবে নিয়ন্ত্রক সংস্থা যথাযথভাবে বাজার তদারকি করলে এবং কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে পারে। এতে বাজারে তাঁদের অংশগ্রহণ বাড়বে এবং লেনদেনের গতিও বাড়ার সম্ভাবনা তৈরি হবে।

এদিকে, আজ (১৫ নভেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ অন্য সূচকগুলো বেড়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮ দশমিক ১০ পয়েন্টে।

দিনটিতে ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

এদিন ডিএসইতে মোট ৭৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৯৯ কোটি ১ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪০ কোটি ২২ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সেখানে ১৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ফলে ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে তা কমেছে।

সিএসইতে এদিন মোট ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দর বেড়েছে, ৮৩টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬০২ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটি ৩৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে