ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

পাটওয়ারীর বক্তব্য ঘিরে চাঁদপুরে বিএনপির কঠোর সিদ্ধান্ত

২০২৬ আগস্ট ২০ ১০:১০:৩৫
পাটওয়ারীর বক্তব্য ঘিরে চাঁদপুরে বিএনপির কঠোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘অশালীন বক্তব্যের’ অভিযোগ তুলে এ ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন সমাবেশে উপস্থিত বিএনপি নেতারা।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান।

সমাবেশে সলিম উল্লাহ সেলিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যে ধরনের বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এর প্রতিবাদ জানিয়ে তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে বিরোধী দলের সমালোচনার ক্ষেত্রেও শালীনতা ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত। ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্য পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সমালোচনার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীকেও প্রত্যাখ্যানের আহ্বান জানান। দেশের রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন তারা।

এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে