ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

২০২৬ আগস্ট ১৯ ১১:২৫:৩০
হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ রিটটি করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

হান্নান মাসউদের নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য নিয়ে আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও অভিযোগ রয়েছে। গত জুনে বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছিলেন, হান্নান মাসউদের হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে।

রাশেদ খানের অভিযোগ, নির্বাচনী হলফনামায় হান্নান মাসউদ তার সম্পদ ও অন্যান্য বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের তদন্তের বিষয়টিও সামনে আনেন তিনি।তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এর আগে জানিয়েছিলেন, নির্বাচন শেষ হওয়ার পরও কোনো প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তদন্ত করতে পারে নির্বাচন কমিশন।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে হান্নান মাসউদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নির্বাচন কমিশনের তদন্তে প্রমাণিত হয়েছে কি না বা এ বিষয়ে কমিশন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনে তিনি ৯১ হাজার ৮৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছিলেন ৬৪ হাজার ২১ ভোট।

২০০০ সালের ১ জানুয়ারি হাতিয়ায় জন্ম নেওয়া হান্নান মাসউদ ২৬ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিতি পান। পরে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে