ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ছেলের যাবজ্জীবন ও মায়ের কারাদণ্ড

২০২৬ এপ্রিল ৩০ ১৮:১১:২৬
ছেলের যাবজ্জীবন ও মায়ের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের নেছারাবাদে ৮ বছর আগে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা ও মরদেহ গুমের মামলায় ছেলেকে যাবজ্জীবন এবং মাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সোহাগদল গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. তাজিম (২৮) এবং তার মা মোসা. রেহানা বেগম (৫০)।

আদালত হত্যার দায়ে তাজিমকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে মরদেহ গুমের দায়ে তার মা রেহানা বেগমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় রেহানা বেগম আদালতে উপস্থিত ছিলেন, তবে তার ছেলে তাজিম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে বয়ারহুলা মোটরসাইকেল স্ট্যান্ড থেকে মিলন বাহাদুরকে মোটরসাইকেলসহ ভাড়া নেন তাজিম ও আরেকজন যুবক। এরপর তিনি নিখোঁজ হন।

পরিবার তাকে খুঁজে না পেয়ে ১২ ফেব্রুয়ারি নেছারাবাদ থানায় জিডি করেন। পরে ১৪ ফেব্রুয়ারি তাজিমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে জানা যায়, হত্যার পর মরদেহ গুমে তাজিম তার মায়ের সহযোগিতা নেন। এ ঘটনায় নিহতের বাবা ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত দুইজনকে দোষী সাব্যস্ত করে সাজা দেন এবং অন্য দুইজনকে খালাস দেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে