ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দর সংশোধনের পর মিশ্র প্রবণতা, লেনদেনে স্বাভাবিক গতি অব্যাহত

২০২৬ এপ্রিল ২৮ ১৪:৩১:৫২
দর সংশোধনের পর মিশ্র প্রবণতা, লেনদেনে স্বাভাবিক গতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক :গতকালের স্বাভাবিক দর সংশোধনের পর আজ (২৮ এপ্রিল) শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ও টাকার অংকে লেনদেন বৃদ্ধি পেলেও অপর দুই সূচক এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সূচকের এ ধরনের স্বাভাবিক ওঠানামা স্থিতিশীল বাজারেরই ইঙ্গিত দেয়। বর্তমানে সূচক ও লেনদেন স্বাভাবিক গতিতে ওঠানামা করছে। তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে কিছুটা শঙ্কা কাজ করছে, যার ফলে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে বড় ধরনের বাজার ধসের কোনো আশঙ্কা নেই বলেও তারা মনে করেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০৮.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৫৪.১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩১ পয়েন্ট কমে ২ হাজার ১৬.৪২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯০টির শেয়ারদর বেড়েছে, ২৫১টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের দিনের ৯৫৬ কোটি ১ লাখ টাকার তুলনায় প্রায় ৭০ কোটি ৭২ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২২ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দর বেড়েছে, ১৪টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩.১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬৩.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে আগের দিন সূচকটি ৩৫.৭৭ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে