ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

কারখানা স্থানান্তরে বিএটির ৭১৫ কোটি টাকার বড় ধাক্কা

২০২৬ এপ্রিল ০১ ২৩:২২:৫১
কারখানা স্থানান্তরে বিএটির ৭১৫ কোটি টাকার বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ ঢাকার কারখানা বন্ধ এবং তা স্থানান্তরের কারণে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে। কোম্পানির নিরীক্ষক জানিয়েছেন, কারখানা পুনর্গঠন ও স্থানান্তরের পেছনে প্রতিষ্ঠানটির মোট ৭১৪.৫৮ কোটি টাকা ব্যয় হয়েছে, যার মধ্যে বড় একটি অংশ (৩৭৫ কোটি টাকা) স্থায়ী সম্পদের অবলোপনজনিত কারণে ব্যয় হয়েছে।

২০২৫ অর্থবছর-এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক উল্লেখ করেছেন যে, এই বড় অংকের ব্যয় কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে ব্যাপক পরিবর্তন নির্দেশ করছে। গত বছরের জুনে সুপ্রিম কোর্ট জমির ইজারা চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেওয়ার পর ঢাকার কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেয় বিএটি বাংলাদেশ। একই সঙ্গে মহাখালী ডিওএইচএস থেকে তাদের প্রধান কার্যালয় সাভারের আশুলিয়ায় সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকার কারখানা বন্ধের সিদ্ধান্তের পর সাভারের কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানিটি। ২০২৫ সালের বার্ষিক ডিভিডেন্ড ঘোষণার সময় কোম্পানিটি জানায়, গত বছরের জুলাই থেকে ঢাকার কারখানার সকল যন্ত্রাংশ ও সিগারেট তৈরির সরঞ্জাম সাভারে সরিয়ে নেওয়া হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক কারখানা বন্ধ, স্থানান্তর এবং পুনর্গঠনের ফলে আগের বছরের তুলনায় অপারেটিং মুনাফায় প্রায় ৭১৫ কোটি টাকার বড় প্রভাব পড়েছে। তথ্য অনুসারে, ২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বিএটি বাংলাদেশ ১৩৬ কোটি টাকা লোকসান গুনেছে, যা মূলত সিগারেট বিক্রি কমে যাওয়া এবং পরিচালনা ব্যয় বৃদ্ধির প্রতিফলন।

পুরো অর্থবছর শেষে বিএটি বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৭ শতাংশ কম। মুনাফায় এই বড় পতনের কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য মাত্র ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। উল্লেখ্য, ২০২৪ সালে কোম্পানিটি ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে