ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রমজানে বাজার ঘুরে মিললো স্বস্তির খবর

২০২৬ ফেব্রুয়ারি ২৭ ১০:৪৭:৩২
রমজানে বাজার ঘুরে মিললো স্বস্তির খবর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে কয়েকটি নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে খোলা আটা, ময়দা, পেঁয়াজ, ডিম ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। রাজধানীর কাওরানবাজার ও শান্তিনগর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, রমজান মাসে নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা একসঙ্গে বেড়ে যায়। এতে শুরুতে দামের ওপর চাপ তৈরি হয়। তবে সরবরাহ স্বাভাবিক হলে বাজার কিছুটা স্থিতিশীল হয়।

সবজির বাজার

বর্তমানে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১২০ টাকা এবং শসা ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। খিরা পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

লেবু, কাঁচামরিচ ও পেঁয়াজের দাম কমেছে। মানভেদে প্রতি হালি লেবু ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা রমজানের শুরুতে ছিল ১০০ থেকে ১৬০ টাকা। পেঁয়াজের দামও আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

আটা-ময়দা, ডিম ও মুরগি

সপ্তাহের ব্যবধানে খোলা আটা ও ময়দার দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা কমেছে। বর্তমানে খোলা সাদা আটা ৪০ থেকে ৪৬ টাকা এবং খোলা ময়দা ৪৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজারেও কিছুটা স্বস্তি এসেছে। ফার্মের বাদামি ডিমের ডজন ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা কমে বর্তমানে ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে রয়েছে।

খেজুরের দাম এখনও চড়া

অন্যদিকে, রমজানের শুরু থেকেই খেজুরের দাম তুলনামূলক বেশি। সাধারণ মানের খেজুর প্রতি কেজি ৩২০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, গত ১ নভেম্বর থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৪৯ হাজার ৮০৭ টন খেজুর আমদানি হয়েছে। গত বছরের একই সময়ে আমদানি ছিল ৪৪ হাজার ৭১৬ টন। অর্থাৎ আমদানি বেড়েছে ৫ হাজার ৯১ টন বা প্রায় ১১ দশমিক ৪ শতাংশ।

সরকার খেজুরের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক কমালেও বাজারে প্রত্যাশিত দাম কমেনি। এতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে