ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ডাক্তার নন, তবু ‘ডা.’; প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া নোটিশ

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১১:৪৩:১৪
ডাক্তার নন, তবু ‘ডা.’; প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া নোটিশ

নিজস্ব প্রতিবেদক : ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে।

নির্বাচনী হলফনামায় উল্লেখ না থাকলেও প্রচারণায় নিজের নামের আগে ‘ডাক্তার’ (ডা.) পদবি ব্যবহার করায় সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটির বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা এ শোকজ নোটিশ প্রদান করেন।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শোকজ নোটিশ জারি করা হলেও শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রকাশ্যে আসে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ফখরুদ্দিন মানিকের পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করা হচ্ছে। অথচ দাখিল করা নির্বাচনী হলফনামায় তার কোনো চিকিৎসা-সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা বা ‘ডাক্তার’ পদবির উল্লেখ নেই।

এই অসংগতি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।নোটিশে আরও বলা হয়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(৩)(খ) অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে প্রার্থীর লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে।

আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অবস্থিত অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে (যুগ্ম জেলা জজ আদালত) সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মিডিয়া প্রতিনিধি পরিচয় দিয়ে আনোয়ার হোসেন ফোন রিসিভ করেন। তিনি জানান, শোকজ নোটিশের বিষয়ে তারা এখনো অবগত নন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে