ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশ, পাকিস্তান ও চীনের জোট নিয়ে ভারতের ব্যাখ্যা

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১২:১১:২৬
বাংলাদেশ, পাকিস্তান ও চীনের জোট নিয়ে ভারতের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : জুলাই অভ্যুত্থানের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপড়েনে ছিল। অন্যদিকে, গত দেড় বছরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে, যা নয়াদিল্লির জন্য উদ্বেগের বিষয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভারতের লোকসভায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং পাকিস্তানের প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হয়। লিখিত উত্তর পাঠ করে তা তুলে ধরেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

তিনি জানান, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক। সামাজিক বন্ধনও অভিন্ন। দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য হলো জনকল্যাণমুখী উন্নয়ন, এবং এটি বজায় রাখতে নিয়মিত বৈঠক ও মতবিনিময় অব্যাহত রয়েছে।

পাকিস্তান কোনো সুযোগ নিচ্ছে কি না—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য দেশগুলোর প্রভাব থেকে স্বাধীন।”

এছাড়া, ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ে ভারত ধারাবাহিকভাবে উচ্চ পর্যায়ে বৈঠক ও আলোচনা করে আসছে। গত বছরের ১৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই বিষয়টি আলোচনা করেছেন।

বাংলাদেশ, পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান জোটের বিষয়ে ভারত সরকার সজাগ। প্রতিমন্ত্রী জানান, “সরকার ভারতের নিরাপত্তা ও অর্থনীতি সংক্রান্ত স্বার্থ রক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক আলোচনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনগণের সঙ্গে যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সম্পর্ক বজায় রাখা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, নিজস্ব নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করার পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ভারত সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে