ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মসজিদের ভেতর বিস্ফোরণ, মিনিটে মিনিটে বাড়ছে লাশের সারি

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৬:৪৬:৪৯
মসজিদের ভেতর বিস্ফোরণ, মিনিটে মিনিটে বাড়ছে লাশের সারি

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মুসল্লি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদের তারালাই এলাকায় এই বিস্ফোরণ ঘটে। নামাজ চলাকালীন সময় বিস্ফোরণ হওয়ায় মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ইমামবাড়ার একটি অংশ ধসে পড়ে এবং আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন–এর বরাতে জানা গেছে, বিস্ফোরণের পরপরই পুলিশ, সেনাবাহিনী ও উদ্ধারকারী সংস্থার এক হাজারেরও বেশি সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মুসল্লিদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ—সে বিষয়ে নিশ্চিত হতে ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়কারী দল তদন্ত শুরু করেছে।

বিস্ফোরণের ঘটনায় ইসলামাবাদের একাধিক হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, পিআইএমএস-এর নির্বাহী পরিচালকের নির্দেশে জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন ইউনিট এবং নিউরোলজি বিভাগ সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে এসব হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঘটনার পর পুরো তারালাই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা যানবাহন যেন এলাকা ছাড়তে না পারে, সে জন্য তল্লাশি অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও ইসলামাবাদে একাধিকবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ ২০২৫ সালের ১১ নভেম্বর জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হন। তিন মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও এমন ভয়াবহ হামলার ঘটনায় দেশজুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে