ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেন সাবেক এমপি

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৬:০৮:২৪
ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেন সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি অভিযোগ করেছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর নির্বাচনী এলাকায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কোনো পরিবেশ নেই।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শিবগঞ্জবাসীর উদ্দেশ্যে দেওয়া এক খোলা চিঠিতে এই ঘোষণা দেন তিনি। চিঠিটি সাংবাদিকদের কাছে সরবরাহ করেন তাঁর ছেলে ব্যারিস্টার তাজবির শরীফ সাম্মু।

খোলা চিঠিতে শরিফুল ইসলাম জিন্নাহ উল্লেখ করেন, তাঁর এবং তাঁর সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকা ছাড়া করা হয়েছে এবং নিয়মিত ভয়ভীতি ও হুমকির মুখে রাখা হচ্ছে। এসব কারণে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

তিনি লেখেন, রাজনীতি হওয়া উচিত উন্নয়ন ও জনসেবার প্রতিযোগিতা, প্রতিহিংসার হাতিয়ার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা নয়, বরং ভয়, জবরদস্তি ও অন্যায়ের বৈধতা দেওয়া। শিবগঞ্জের মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় তিনি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

চিঠিতে সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় শিবগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তিনি কখনও চান না, তাঁর বা তাঁর দলের কারণে শিবগঞ্জের সাধারণ মানুষের ওপর কোনো অন্যায় বা অবিচার নেমে আসুক।

চিঠির শেষাংশে শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জবাসীকে শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে অবিচল থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন বর্জন মানে রাজনীতি থেকে সরে যাওয়া নয়; বরং এটি ন্যায় ও ন্যায্যতার পক্ষে একটি প্রতিবাদ। শিবগঞ্জের শান্তি ও উন্নয়ন জনগণের অধিকার—এই অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে তিনি আরও বলেন, নির্বাচনী মাঠে নামলে তাঁর ওপর মব সৃষ্টি করে হামলার আশঙ্কা রয়েছে। নিরাপত্তাজনিত কারণেই তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শরিফুল ইসলাম জিন্নাহ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন—এমন তথ্য তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ বা আবেদন পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে