ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দুই দফা বৃদ্ধির পর বড় কাটছাঁট, স্বর্ণের নতুন মূল্য

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১০:৩৯:৫৪
দুই দফা বৃদ্ধির পর বড় কাটছাঁট, স্বর্ণের নতুন মূল্য

নিজস্ব প্রতিবেদক : টানা দুই দফা দাম বাড়ার পর ফের দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা ধার্য করা হয়েছে।

এর আগে সবশেষ গত ৩ ফেব্রুয়ারি বিকেলে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়, যা সেদিন বিকেল ৪টা থেকে কার্যকর ছিল।

চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৯ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি এবার দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এ নিয়ে রুপার দাম ১৭ দফা সমন্বয় করা হলো। এর মধ্যে ১০ দফা দাম বেড়েছে এবং ৭ দফা কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে