ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

চোখে জল নাহিদ ইসলামের, ফেসবুকে আবেগঘন পোস্ট

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১০:২৯:৩৩
চোখে জল নাহিদ ইসলামের, ফেসবুকে আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঘরে ঘরে, দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন তারা। এ সময় ভোটারদের ভালোবাসা, প্রত্যাশা ও আবেগের নানা চিত্র সামনে আসছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচনী প্রচারণা, জুলাই আন্দোলনের স্মৃতি এবং মানুষের প্রত্যাশা নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

পোস্টে তিনি জানান, নির্বাচনী প্রচারণা তাঁর জন্য এক নতুন অভিজ্ঞতা। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত মানুষের সঙ্গে দেখা, কথা বলা, হাত মেলানো—সবকিছুই ক্লান্তিকর হলেও সবচেয়ে মূল্যবান হয়ে উঠেছে মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। কেউ চকলেট, কেউ আতর, কেউ নিজের হাতে বানানো উপহার দিয়েছেন। এমনকি কেউ কেউ জোর করেই হাতে বা পকেটে টাকা গুঁজে দিয়েছেন, যা তিনি ভালোবাসার নীরব দলিল হিসেবে দেখছেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি এখনও মানুষের মনে গভীরভাবে জড়িয়ে আছে। বাড্ডা, রামপুরা, বনশ্রীসহ ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনের দিনগুলোর গল্প মানুষ আজও স্মরণ করে। অনেকেই তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন, আন্দোলনের সময় তাঁদের দোয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

তিনি লেখেন, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া মানুষ, শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক হুমকির কারণে এলাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর কষ্টের কথাও উঠে এসেছে প্রচারণায়। এসব এলাকার অলিগলি ও মানুষের সঙ্গে তাঁর নতুন করে আত্মীয়তা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি এলাকার নানা সমস্যার কথাও তুলে ধরেন—গ্যাস সংকট, জলাবদ্ধতা, যানজট, নিরাপত্তাহীনতা, চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব এবং ক্ষমতাবানদের দৌরাত্ম্য।

নির্বাচনের ফলাফল অনিশ্চিত হলেও মানুষের ভালোবাসা ও নিজের এলাকাকে নতুন করে চেনাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে