ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দর সংশোধনে সপ্তাহ শেষ, স্থিতিশীলতার আভাস দেখছেন সংশ্লিষ্টরা

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১৫:০২:৪০
দর সংশোধনে সপ্তাহ শেষ, স্থিতিশীলতার আভাস দেখছেন সংশ্লিষ্টরা

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ছিল ইতিবাচক প্রবণতা। সপ্তাহের শুরু থেকেই সূচকের গতিপথ ছিল ঊর্ধ্বমুখী এবং তৃতীয় কার্যদিবস পর্যন্ত ধারাবাহিকভাবে সূচক বেড়েছে। মাঝখানে পবিত্র শব-ই বরাত উপলক্ষে একদিন লেনদেন বন্ধ থাকার পর আজ আবার বাজারে লেনদেন শুরু হয়।

আজ (০৫ ফেব্রুয়ারি, ২০২৬) সপ্তাহের শেষ কার্যদিবসে স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে মোট লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর হ্রাস পেয়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা এই দর সংশোধনকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবেই দেখছেন।

তাদের মতে, চলতি সপ্তাহের লেনদেন আগামী দিনে বাজারের স্থায়ী স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা। দুর্বল কোম্পানির শেয়ার এড়িয়ে ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মুনাফা অর্জন সম্ভব বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ দশমিক ৩৭ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২ দশমিক ১২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৮৫ পয়েন্ট কমে নেমে এসেছে ২ হাজার ১ দশমিক ৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১২৩টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, আজ ডিএসইতে প্রায় ৫৮৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই বাজারে লেনদেন হয়েছিল প্রায় ৭১২ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১২৪ কোটি ৯৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ২৯ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩১ দশমিক ৪৬ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৬৯ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে