ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

বাবরের ব্যাটে নতুন ইতিহাস

২০২৬ মে ০১ ০৭:৩১:২২
বাবরের ব্যাটে নতুন ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগের চলতি আসরে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন বাবর আজম। ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যে তিনি গড়েছেন নতুন এক রেকর্ড।

এবারের পিএসএলে দুইটি সেঞ্চুরির সাহায্যে মোট ৫৮৮ রান সংগ্রহ করেছেন তিনি। যা টুর্নামেন্টের এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডের সঙ্গে যৌথভাবে সমান।

তবে এই টুর্নামেন্ট শুরুর আগে তার ফর্ম নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। বিশেষ করে টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। যদিও চলতি মৌসুমে তিনি ১৪৬.৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যা তার ক্যারিয়ারের সেরা। এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও তিনি যথাক্রমে ১৪৫ ও ১৪২ স্ট্রাইক রেটে ৫০০-এর বেশি রান করেছিলেন।

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান টেস্ট দল, যেখানে স্কোয়াডে রাখা হয়েছে বাবরকে। এই সিরিজে তার কাছ থেকে টেস্ট ক্রিকেটেও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করা হচ্ছে।

পাকিস্তানের নতুন কোচ সরফরাজ আহমেদ মনে করেন, বাবর আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে এসেছেন। তার ব্যাটিং এখন অনেক বেশি পরিণত ও আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টিতে সফল হলেও টেস্ট দলে তার ভূমিকা নিয়ে নতুন পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।

পাকিস্তান দল ১ মে পর্যন্ত অনুশীলন ক্যাম্প চালাবে এবং ২ মে বাংলাদেশে পৌঁছাবে। ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সফর শেষে বছরের শেষ দিকে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে