ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আজহারীর কণ্ঠ নকল করে চালানো হচ্ছিল ভয়ংকর ব্যবসা

২০২৬ এপ্রিল ২৬ ১৮:১০:১৯
আজহারীর কণ্ঠ নকল করে চালানো হচ্ছিল ভয়ংকর ব্যবসা

নিজস্ব প্রতিবেদক: ইসলামি বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে ‘ডিপফেক’ ভিডিও তৈরি করে প্রতারণা এবং যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগে গ্রেফতার হওয়া ১০ যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান। তিনি জানান, আসামিদের জামিন শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে এবং তাদের পক্ষে আইনজীবী শরীফ আহমেদ শুনানি করবেন।

গ্রেফতার হওয়া ১০ জন হলেন—সারাফাত হোসেন (২৪), শাফায়েত হোসেন শুভ (২১), শাহাদাত তৌফিক (২১), ইমাম হোসেন বিজয় (২১), রফিকুল হাসান (২১), মিনহাজুর রহমান শাহেদ (১৯), তৌকি তাজওয়ার ইলহাম (২১), অমিদ হাসান (২১), আব্দুল্লাহ ফাহিম (২১) ও ইমরান (২৪)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে চক্রটি পরিচালনা করতেন বলে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ড. আজহারীর মুখ ও কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও তৈরি করত। এসব ভিডিওতে তার কণ্ঠ ব্যবহার করে ‘ইউরোসিন’ নামের একটি যৌন উত্তেজক ওষুধের প্রচারণা চালানো হতো।

তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আজহারী শপ’, ‘ডক্টর সেবা’, ‘হালাল শপ’সহ ২৪টিরও বেশি ভুয়া পেজ ও ওয়েবসাইট চালিয়ে এসব ভিডিও ছড়িয়ে দিত এবং বুস্টিংয়ের মাধ্যমে প্রচারণা বাড়াত। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, ড. আজহারীর জনপ্রিয়তা ও ধর্মীয় গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে এই প্রতারণা চালানো হচ্ছিল। তিনি দেশের বাইরে থাকায় তার নাম ও পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই সাইবার অপরাধ চালানো সম্ভব হয়েছে।

এর আগে ২৩ এপ্রিল পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন বিলাল হোসেন নামের এক ব্যক্তি। মামলার পর ডিএমপি ও সিএমপি যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে আসামিদের গ্রেফতার করে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে