ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ফজরের নামাজ পড়েই সরাসরি ধানের মাঠে এমপি

২০২৬ এপ্রিল ২৬ ১৫:৩৮:১৯
ফজরের নামাজ পড়েই সরাসরি ধানের মাঠে এমপি

নিজস্ব প্রতিবেদক: যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক কৃষকদের পাশে দাঁড়াতে ভোরেই মাঠে নেমে ধান কাটায় অংশ নিয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ফজরের নামাজ শেষে তিনি উপজেলার আড়পাতা বিল এলাকায় গিয়ে সরাসরি কৃষকদের সঙ্গে বোরো ধান কাটেন।

স্থানীয় কৃষকরা জানান, বর্তমানে এলাকায় শ্রমিক সংকট চলছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত ধান কেটে ঘরে তোলার চাপ বেড়েছে। অনেক কৃষক একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে আবহাওয়ার অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

এ অবস্থায় এমপি গাজী এনামুল হকের মাঠে এসে ধান কাটায় অংশ নেওয়া স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি কৃষকদের সঙ্গে সরাসরি ধান কেটে শ্রমে অংশ নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বোরো মৌসুমে মনিরামপুর উপজেলায় মোট ২৭ হাজার ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার সমান। উৎপাদনও ভালো হওয়ার আশা করা হচ্ছে। অনুকূল পরিস্থিতি থাকলে প্রায় ১৬ হাজার ২৬০ টন ধান উৎপাদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমপি গাজী এনামুল হক বলেন, শ্রমিক সংকট ও সম্ভাব্য দুর্যোগের কারণে কৃষকদের দ্রুত ধান ঘরে তোলা জরুরি হয়ে পড়েছে। তাই তিনি কৃষকদের উৎসাহ দিতে এবং তাদের পাশে দাঁড়াতে নিজেই মাঠে নেমেছেন। তার মতে, কৃষি উৎপাদন ঠিক রাখতে সব শ্রেণি-পেশার মানুষেরই কৃষকের পাশে থাকা উচিত।

স্থানীয়রা তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং কৃষকদের প্রতি এমন সরাসরি সহায়তাকে প্রশংসা করছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে