ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রশাসনে নতুন মুখের ঢল—একদিনেই ১৫ নিয়োগ

২০২৬ এপ্রিল ২৬ ১৫:৩৩:৫১
প্রশাসনে নতুন মুখের ঢল—একদিনেই ১৫ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে বাংলাদেশ সরকার। একদিনেই ১৫টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মহাপরিচালক (ডিজি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রশাসনিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. নুর-এ আলম। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অতিরিক্ত সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে, তার মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, খাদ্য অধিদপ্তর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরসহ আরও কয়েকটি সংস্থা।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যভাবে—প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে এনটিআরসিএ’র চেয়ারম্যান করা হয়েছে। অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দিল আফরোজ। অন্যদিকে এ এস এম মুস্তাফিজুর রহমানকে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক এবং খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়াও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে মো. আব্দুল্লাহ আল-মামুন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে মো. আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হিসেবে দেলোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হিসেবে হাসান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ব্যাপক রদবদলকে প্রশাসনে নতুন গতি আনার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। একই দিনে এতগুলো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন সাধারণত কমই দেখা যায়, ফলে বিষয়টি প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে