ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

উচ্চ সুদের চাপ কমাতে প্রেফারেন্স শেয়ার ছাড়বে প্রিমিয়ার সিমেন্ট

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ০০:০৭:৫৫
উচ্চ সুদের চাপ কমাতে প্রেফারেন্স শেয়ার ছাড়বে প্রিমিয়ার সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: উচ্চ সুদের ব্যাংক ঋণের চাপ লাঘব করতে ১৬১ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৬ ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে কোম্পানিটির প্রস্তাবনায় চূড়ান্ত সম্মতি জানায়।

অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের মোট ৩২২টি প্রেফারেন্স শেয়ার বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। শেয়ারগুলো সম্পূর্ণ রূপান্তরযোগ্য, অ-রূপান্তরযোগ্য এবং ক্রমপুঞ্জীভূত বৈশিষ্ট্যসম্পন্ন হবে। এই ইস্যু থেকে সংগৃহীত অর্থ ব্যালেন্স শিট পুনর্বিন্যাস এবং উচ্চ সুদের স্বল্পমেয়াদি ঋণ পরিশোধে ব্যয় করার কথা জানিয়েছে কোম্পানি।

এর আগে ২০২৫ সালের জুনে জমা দেওয়া প্রথম আবেদনটি বিধানগত সীমাবদ্ধতার কারণে কমিশন প্রত্যাখ্যান করেছিল, কারণ সংঘস্মারকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রয়োজনীয় ধারা ছিল না। পরবর্তীতে সংঘস্মারক সংশোধন করে গত বছরের অক্টোবরে পুনরায় আবেদন করে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ইতিবাচক মতামতের ভিত্তিতে এবার বিএসইসি চূড়ান্ত অনুমোদন দেয়।

আর্থিক প্রতিবেদন বলছে, ব্যাংক ঋণের সুদহার ১৪ শতাংশের বেশি হওয়ায় কোম্পানির ওপর আর্থিক চাপ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব ও নিট মুনাফা—দুই সূচকেই উল্লেখযোগ্য পতন দেখা গেছে। নতুন মূলধন সংযোজনের মাধ্যমে সুদের ব্যয় কমিয়ে মুনাফা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, প্রেফারেন্স শেয়ারধারীরা সাধারণ শেয়ারহোল্ডারদের তুলনায় ডিভিডেন্ড প্রাপ্তিতে অগ্রাধিকার পান। পাশাপাশি, কোম্পানি অবসায়নের পরিস্থিতিতে সম্পদের ওপর তাদের দাবি আগে বিবেচিত হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে