ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের

২০২৬ জুন ১৫ ২২:১৪:০১
গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন পদক্ষেপ ইসলামী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক পরিস্থিতিতে বন্ধ বা ভেঙে ফেলা মেয়াদি ও সঞ্চয়ভিত্তিক আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির ঘোষণা অনুযায়ী, আগামী সাত কর্মদিবসের মধ্যে এসব হিসাব পুনরায় সক্রিয় করলে গ্রাহকরা পূর্বের সব সুবিধা, মুনাফার হার এবং অন্যান্য শর্ত অপরিবর্তিত অবস্থায় ভোগ করতে পারবেন।

সোমবার (১৫ জুন) জারি করা ব্যাংকের এক অভ্যন্তরীণ নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ ও অনিশ্চয়তার কারণে অনেক গ্রাহক তাদের মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট (এমটিডিআর), মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (এমএমপিডিএস), মুদারাবা স্পেশাল সেভিংস স্কিম (এমএসএস) এবং মুদারাবা সেভিংস বন্ড (এমএসবি) হিসাব ভেঙে নগদ অর্থ উত্তোলন করেছেন।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে বন্ধ বা ভাঙানো এসব হিসাবের গ্রাহকরা আবেদন করলে সেগুলো পুনরায় চালু করা হবে। এ ক্ষেত্রে হিসাব খোলার সময় নির্ধারিত মুনাফার হারসহ অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকের সকল জোন, শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বন্ধ হয়ে যাওয়া হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও নিবন্ধিত ঠিকানার মাধ্যমে যোগাযোগ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, সাম্প্রতিক অনিশ্চয়তার প্রভাবে কিছু গ্রাহক তাদের আমানত তুলে নিয়েছেন। ফলে হিসাব পুনরায় চালুর এই উদ্যোগ গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি ব্যাংকে আমানতের প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকের বিভিন্ন শাখায় অস্থিরতা সৃষ্টি হয়। এর পরবর্তী কয়েকটি কার্যদিবসে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলনের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের মতে, গ্রাহকদের পুনরায় ব্যাংকমুখী করা এবং উত্তোলিত অর্থ আবারও ব্যাংকে জমা রাখতে উৎসাহিত করার লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে