ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

রামিসার বাসার পাশেই চাঞ্চল্য, ৫ বছরের শিশু নিখোঁজ

২০২৬ জুন ০৯ ১১:৫৪:৩৮
রামিসার বাসার পাশেই চাঞ্চল্য, ৫ বছরের শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পল্লবীতে হত্যার শিকার রামিসার বাসার পাশের একটি বাড়ি থেকে ইব্রাহিম (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, শিশুটিকে শেষবার বাড়িওয়ালার ছেলের সঙ্গে দেখা গেছে বলে দাবি করা হলেও পুলিশ জানিয়েছে, এখনো এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটে শনিবার (৬ জুন)। পরে এ ঘটনায় পল্লবী থানায় মামলা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজ শিশুটির পরিবার জানায়, ঘটনার দিন প্রতিদিনের মতো ইব্রাহিম বাসার সামনে খেলছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৭টা ২১ মিনিটে তাকে হঠাৎ বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তার পেছনে একজন অজ্ঞাত ব্যক্তিকেও প্রবেশ করতে দেখা যায়।

পরিবারের দাবি, কিছু সময় পর ভেতর থেকে শিশুটির চিৎকার শোনা যায়। এরপর অল্প সময়ের ব্যবধানে ওই অজ্ঞাত ব্যক্তি দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে শিশুটির আর কোনো খোঁজ মেলেনি।

জানা গেছে, শিশুটির পরিবার যে ভবনে বসবাস করে সেটির ছাদ তালাবদ্ধ ছিল এবং সেখানে সাধারণের প্রবেশের সুযোগ নেই। ছাদের চাবিও বাড়ির মালিকের কাছে থাকে।

এ কারণে অল্প সময়ের মধ্যে শিশুটি কোথায় গেল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

পরিবারের দাবি, তারা দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন এবং কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে তাদের অভিযোগ, বাড়িওয়ালার দুই ছেলে মাদকাসক্ত ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। টাকার জন্যই তারা শিশুটিকে অপহরণ করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তারা।

শিশুটির বাবা বলেন, তাদের সঙ্গে কারও বিরোধ নেই। তবে তারা কিছু ব্যক্তির আচরণ নিয়ে সন্দেহ করছেন।

পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত বাড়িওয়ালার পরিবারের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।মামলার তদন্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

মিরপুর জোনের উপ-কমিশনার মোস্তাক সরকার বলেন, এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

দীপক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে