ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বিএসইসির সিদ্ধান্ত

২০২৬ জুন ০৯ ১১:৪২:১৮
বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বিএসইসির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে কার্যকর থাকা ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, এ সিদ্ধান্ত বাজারে স্বাভাবিক লেনদেন পুনঃপ্রতিষ্ঠা, মূল্য আবিষ্কার প্রক্রিয়া সচল করা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, ফ্লোর প্রাইসের কারণে সৃষ্টি হওয়া দীর্ঘস্থায়ী অচলাবস্থা দূর করে শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন ফিরিয়ে আনার লক্ষ্যে গত ৪ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে একটি আবেদন জমা দেয় সংগঠনটি।

ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনে উল্লেখ করা হয়, বেক্সিমকো লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারে দীর্ঘ সময় ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় স্বাভাবিক লেনদেন ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে বাজারে প্রকৃত চাহিদা ও জোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছিল।

সংগঠনটি আরও জানায়, ফ্লোর প্রাইসের কারণে মার্জিন ঋণ ব্যবহারকারী বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও দেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছিল, যা বাজারের ভাবমূর্তির জন্য অনুকূল ছিল না।

ডিবিএর মতে, তাদের উত্থাপিত প্রস্তাব এবং সামগ্রিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে বিএসইসির নবগঠিত কমিশন বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনের অন্যান্য সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, কমিশনের এই সময়োপযোগী উদ্যোগ বাজারে দীর্ঘদিনের স্থবিরতা দূর করতে সহায়ক হবে। একই সঙ্গে স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরায় সচল হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিবিএ আশা প্রকাশ করে বলেছে, নতুন কমিশনের নেতৃত্বে শেয়ারবাজারের উন্নয়নের পথে দীর্ঘদিন ধরে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিধি-বিধানগুলো প্রয়োজন অনুযায়ী সংস্কার করা হবে।

সংগঠনটির প্রত্যাশা, একটি স্বচ্ছ, আধুনিক, টেকসই ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তুলতে কমিশন আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে ভবিষ্যতেও কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ডিবিএ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে